গবেষণামুখী প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার আহ্বান
কক্সবাজার প্রতিনিধি:
শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি অনুসন্ধানী ও গবেষণামুখী মানসিকতা গড়ে তুলতে কক্সবাজারের উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘The Importance of Research’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ সেমিনারে এইচএসসি পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। Coastal Community Development Research Center (CCDRC) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক জেসমিন আকতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ।
অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইউনুস।
আলোচনায় বক্তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা সম্ভব নয়। সমস্যা চিহ্নিত করা, প্রশ্ন করা, তথ্য অনুসন্ধান করা, তথ্য যাচাই ও বিশ্লেষণ এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা গড়ে তুলতে গবেষণার চর্চা গুরুত্বপূর্ণ।
সেমিনারে গবেষণা কী ও কেন প্রয়োজন, গবেষণার বিষয় নির্বাচন, গবেষণার উদ্দেশ্য নির্ধারণ, গবেষণা প্রশ্ন তৈরি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহারের পদ্ধতি, একাডেমিক সততা, গবেষণায় প্রযুক্তির ব্যবহার এবং উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা আরও বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে পরিচিত করা গেলে তাদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পাবে। বিশেষ করে কক্সবাজারের মতো সম্ভাবনাময় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। এ সময় শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হওয়ার পাশাপাশি নিজেদের একাডেমিক ও ভবিষ্যৎ পেশাগত জীবনে গবেষণার জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন CCDRC-এর আহ্বায়ক তাহিয়ান কামাল, সদস্য সচিব জিয়াউল কবির মুরাদ, সদস্য রফিকুল ইসলাম সাঈদী, Students’ Platform Bangladesh-এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন আরিফ এবং CCDRC-এর প্রতিষ্ঠাতা মো. আরিফ উল্লাহ।
আয়োজক CCDRC-এর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের গবেষণাভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হবে। এর মাধ্যমে কক্সবাজারের তরুণদের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি স্থানীয় ও জাতীয় বিভিন্ন সমস্যা নিয়ে প্রমাণভিত্তিক চিন্তা ও সমাধান অনুসন্ধানে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

.jpeg)

0 Comments