চট্টগ্রাম ও কক্সবাজার, ২৬ আগস্ট ২০২৬: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজারে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নেওয়া দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবারও শিশুদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা, কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)-এর তাৎপর্য, ইসলামী শিক্ষা এবং মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শ শিশুদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে শিশুরা ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় এবং মহানবী (স.)-এর আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা গ্রহণ করে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এসব কর্মসূচিতে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানটির নির্দেশনায় ছিলেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, চট্টগ্রামের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রের আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পাল।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের নিরাপদ আশ্রয় প্রদান এবং তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করে আসছে।
কেন্দ্রে আশ্রয় পাওয়া শিশুদের খাদ্য, বস্ত্র, মৌলিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবনদক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং বিনোদনসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের পুনর্বাসন এবং পরিবার ও সমাজে পুনঃএকত্রীকরণের উদ্যোগ নেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এ ধরনের আয়োজন শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও আনন্দময় পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

0 Comments