নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:
বান্দরবানের ইসলামপুর স্টেশন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে নগদ অর্থ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। বান্দরবান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে মোট ১৪০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রত্যেককে ১,০০০ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।
মানবিক এ উদ্যোগে প্রধান সহযোগী হিসেবে ছিল বিসমিল্লাহ নাফ অটো এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশ (SPB)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহমুদ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি সামসুল হক সামু, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নাফ অটোর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদের সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ পারভেস, নাফ অটোর ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং স্টুডেন্টস' প্ল্যাটফর্ম বাংলাদেশের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন আরিফ।
বক্তারা বলেন, দুর্যোগকালে মানবিক সহায়তা শুধু আর্থিক সহযোগিতা নয়, বরং ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধেরও বহিঃপ্রকাশ। তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

0 Comments