কক্সবাজার সরকারি মহিলা কলেজে গবেষণার গুরুত্ববিষয়ক সেমিনার অনুষ্ঠিত




কক্সবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ তৈরি এবং গবেষণার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে Initiative for People and Planet (IPP) ও Coastal Community Development Research Center (CCDRC)-এর যৌথ উদ্যোগে ‘The Importance of Research’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার সরকারি মহিলা কলেজে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ন ম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার মো. বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক, গবেষক ও উন্নয়নকর্মী মোবাশ্বেরুল ইসলাম এবং সংগঠন দুটির উপদেষ্টা ও সহকারী অধ্যাপক শাহ আলম।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠন দুটির উপদেষ্টা ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার।


সেমিনারে গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা। গবেষণার প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা এবং স্থানীয় উন্নয়নে তথ্যভিত্তিক গবেষণার ভূমিকা নিয়ে বক্তব্য দেন CCDRC-এর প্রতিষ্ঠাতা মো. আরিফ উল্লাহ।


শুভেচ্ছা বক্তব্যে জেসমিন আক্তার বলেন পর্যটন খাতের সম্ভাবনা, সমস্যা, পরিবেশগত প্রভাব এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকা সম্পর্কে সঠিক ধারণা পেতে গবেষণার বিকল্প নেই। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।


মোবাশ্বেরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নিজের অধিকার, দায়িত্ব ও সামাজিক বাস্তবতা সম্পর্কে জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রয়োজন।


সহকারী অধ্যাপক শাহ আলম শিক্ষার্থীদের বলেন, শিক্ষাজীবন থেকেই অনুসন্ধান, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের অভ্যাস গড়ে তুলতে হবে। গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারে।


প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল উদ্দিন বলেন, গবেষণা জ্ঞান অর্জন ও নতুন কিছু জানার অন্যতম মাধ্যম। উচ্চশিক্ষার প্রতিটি পর্যায়ে গবেষণার গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক তথ্য অনুসন্ধান ও গবেষণায় মনোযোগী হতে হবে। তিনি এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে পরিচিত করার উদ্যোগকে স্বাগত জানান।


সভাপতির বক্তব্যে প্রফেসর আ ন ম সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজ পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে গবেষণার মানসিকতা তৈরি করতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের নতুন বিষয় জানতে, প্রশ্ন করতে এবং বাস্তব সমস্যার সমাধান খুঁজতে উৎসাহিত করবে।


অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদিয়া রিপা।


এ সময় IPP-এর সভাপতি আফিয়া আক্তার, সাধারণ সম্পাদক সানজিদা আলম, CCDRC-এর সভাপতি তাহিয়ান কামাল, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, কানিজ ফাতেমা, আব্দুল্লাহ আল ফাহিম ও সাদ্দাম হোসেনসহ সংগঠন দুটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments