মেহেদী ও আতরের ছোঁয়ায় রঙিন হলো শিশুদের রমজান উৎসব


পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইসলামী সাংস্কৃতিক উৎসব, মেহেদী পরানো ও আতর ছিটানো উৎসব। সমাজসেবা অধিদফতরের অধীন পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, কক্সবাজারের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) কেন্দ্র প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রে আশ্রয় নেওয়া প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু অংশগ্রহণ করে। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম ফরহাদ, জাতীয় নাগরিক কমিটি কক্সবাজার জেলার আহ্বায়ক প্রফেসর আকতার আলম, কক্সবাজার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতার, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুল আলম, স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আরিফ উল্লাহ, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির প্রতিনিধি মো. শামীম হোসেন, কক্সবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, এসএমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আক্তার, সবুজবাগ জামে মসজিদের খতিব মাওলানা মো. ইকবাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল ইসলাম রানা ও আবুল কালাম চৌধুরী, কক্সবাজার মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শাহাজাদী রোমানা, ‘পোশাক’-এর স্বত্বাধিকারী শাহানা মজুমদার চুমকি, ‘লাজুক বুটিকস’-এর স্বত্বাধিকারী শামীমা ইশরাত রিনি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাজমুল আলম চৌধুরী, কক্সবাজার পৌরসভার ঠিকাদার রফিকুল আলম চৌধুরী এবং এমএসএফ ফ্রান্সের লজিস্টিক ম্যানেজার জুবায়েদ আলম চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল কেরাত প্রতিযোগিতা, ইসলামী সংগীত প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল, ইফতার মাহফিল, পুরস্কার বিতরণ, মেহেদী পরানো ও আতর ছিটানো উৎসব। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের মাঝে নতুন পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ-উৎসবের সঙ্গে সম্পৃক্ত করা তাদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সহায়ক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের লাইফস্কিল ট্রেইনার কাম জবপ্লেসমেন্ট অফিসার ক্যনু মং মারমা।

আয়োজকরা সকল অতিথি, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের উপস্থিতি শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়ে অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করে তুলেছে বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, কক্সবাজার দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি শিশুদের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্যসেবা, শিক্ষা, জীবন দক্ষতা উন্নয়ন, মনোসামাজিক সহায়তা ও কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা প্রদান করে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Post a Comment

0 Comments