গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত



কক্সবাজারে গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কক্সবাজারে গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে এ সেমিনারের আয়োজন করে Coastal Community Development Research Center (CCDRC)। এতে প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

“Importance of Research and Research Platform” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বেলাল নূর আজিজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক, কক্সবাজার সিটি কলেজের সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা, সহকারী জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, এনজিও প্ল্যাটফর্ম কক্সবাজারের পার্টনারশিপ ও কমিউনিকেশন অ্যাডভাইজার আমির হোসেন এবং স্টুডেন্টস প্ল্যাটফর্ম বাংলাদেশের ডিরেক্টর মিজানুর রহমান বাহাদুর।

সেমিনারে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা এবং CCDRC এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফ উল্লাহ। তারা গবেষণার ধারণা, গবেষণার প্রয়োজনীয়তা এবং গবেষণা কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, “আমাদের জানার আগ্রহ তৈরি করতে হবে। তাই আমাদের মধ্যে প্রশ্ন করার প্রবণতা বৃদ্ধি করতে হবে।”

সভাপতির বক্তব্যে ড. বেলাল নূর আজিজী বলেন, “গবেষণার জন্য সরকারকে আরও আন্তরিক হতে হবে। গবেষণায় পিছিয়ে থাকা মানে ফলপ্রসূ উন্নয়নে পিছিয়ে পড়া।”

বিশেষ অতিথির বক্তব্যে রাজিদুল হক বলেন, “গবেষণা মানুষকে ও প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আমাদের বিশ্ববিদ্যালয় অতি শিগগিরই একটি প্রকাশনায় যাবে।”

সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা বলেন, “বর্তমান বিশ্বে গবেষণা শুধু একাডেমিক অগ্রগতির জন্য নয়, বরং ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন, সমালোচনামূলক চিন্তাশক্তি বৃদ্ধি এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সহকারী জেলা তথ্য অফিসার মিজানুর রহমান বলেন, “গবেষণা ছাড়া কোনো জাতি বা রাষ্ট্র কখনোই উন্নয়নের স্বাদ নিতে পারে না। তাই সরকারি ও বেসরকারিভাবে গবেষণাকে আরও ত্বরান্বিত করতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা তরুণদের গবেষণামুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন CCDRC আহব্বায়ক তাহিয়ান কামাল, সদস্য সচিব জিয়ায়ুল হক মুরাদ, জনি আক্তার, রিচি মনি, রহমত উল্লাহ ও সাজেদা আক্তার সাজসহ আরও অনেকে।

Post a Comment

0 Comments