কক্সবাজারে টানা ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ জুলাই পর্যন্ত কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলোর কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টির ফলে কক্সবাজারের পর্যটন এলাকা এবং জেলার টেকনাফসহ নয় উপজেলার অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। অনেক সড়ক ও উপসড়কে পানি উঠায় যান চলাচলে বিঘ্ন ঘটছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, উখিয়া উপজেলায় টানা চার দিনের বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, দ্রুত পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউসার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে তা উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।